forkan info ১২ নভেম্বর ২০২৬ , ৯:৪৮ এএম
টিভি২৪ বাংলা : ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সরকার ইতোমধ্যে এলাকাটিকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী জানান, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। বিএনপি সরকার গঠনের পর জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। অল্প সময়ের মধ্যেই ত্রিশালের পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন।’ এ সময় ত্রিশালসহ পুরো দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের হাত ধরেই আধুনিক ত্রিশালের উন্নয়ন হবে। কপালে থাকলে তিনিও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।’
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।