চট্টগ্রাম অঞ্চল

চট্টগ্রাম মহানগরী জামায়াত আমীরের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের মতবিনিময়

  forkan info ১১ নভেম্বর ২০২৬ , ৬:০৫ পিএম

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (ম্যাফ)। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক চৌধুরী, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. সদরুল আমীন, ম্যাফের চট্টগ্রাম শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল আলম আল-জাহিদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মো. মামুন, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক সোহেল এবং দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সুমন।

মতবিনিময় সভায় নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক আদর্শ ও মতপার্থক্য থাকতেই পারে, তবে সেই ভিন্নতাকে সংঘাতের কারণ না বানিয়ে পারস্পরিক আলোচনা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও রাজনৈতিক সম্প্রীতি গড়ে তোলা সময়ের দাবি। মতের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বার্থ, জনগণের অধিকার ও কল্যাণকে প্রাধান্য দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দলগুলোর মধ্যে গঠনমূলক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সভায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের (ম্যাফ) কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত এ অরাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা, পারস্পরিক সংলাপ এবং স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ফোরামটির কার্যক্রমের ভূমিকাও আলোচনায় উঠে আসে।

সভায় অংশগ্রহণকারীরা রাজনৈতিক সম্প্রীতি জোরদার, গণতান্ত্রিক চর্চার বিকাশ এবং চট্টগ্রামের স্থানীয় ও নাগরিক সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।