forkan info ১১ নভেম্বর ২০২৬ , ৫:৫৯ পিএম
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিংয়ের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (১১ নভেম্বর) আসিফ মাহমুদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আসিফ মাহমুদকে নিয়ে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের করা প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি অনুসন্ধান বা তদন্ত চলাকালে সংশ্লিষ্ট বিষয়ে প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করে দুদক ওই দুই দিন প্রেস ব্রিফিং করেছিল। এসব ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
রিটে বলা হয়, ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে বিচারাধীন, তদন্তাধীন বা অনুসন্ধানাধীন বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা প্রয়োজন। একই সঙ্গে কোনো নাগরিকের বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত চলাকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রচারণা বা ‘মিডিয়া ট্রায়াল’ না করার নির্দেশনাও চাওয়া হয়।
এ ছাড়া প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ তুলে রিটে দুদককে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন এবং আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, গত ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ে দুদক অনুসন্ধান ও তদন্ত শুরুর সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করেছিল।
তার ভাষ্য, এসব ব্রিফিংয়ের মাধ্যমে সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০১১ লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে আসিফ মাহমুদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়েছে।











