forkan info ১১ নভেম্বর ২০২৬ , ৬:০৩ পিএম
অনলাইন নিউজ : রেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি আজ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সিআরবি চত্বরে আয়োজিত রেলওয়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরইএল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো. মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াত মনোনীত চসিক মেয়রপ্রার্থী শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, বিআরইএলের কেন্দ্রীয় সভাপতি মো. আখতারুজ্জামান, মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভুঁইয়া, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী, বিআরইএলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন।
আতিকুর রহমান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রগতিতে রেল শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ তাঁদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, আবাসন ও রেশন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নেও কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং রেলওয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রেলওয়ের সেবার মান বাড়ানো এবং জনস্বার্থে প্রয়োজনীয় রেল যোগাযোগ সম্প্রসারণেও উদ্যোগ নিতে হবে।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। রেল শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
মুহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্য, শৃঙ্খলা ও সংগঠিত ভূমিকার বিকল্প নেই। রেল শ্রমিকদের চলমান দাবিগুলো বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শ্রমিকদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সমাবেশে রেল শ্রমিকদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের বিলম্ব কমিয়ে যাত্রীসেবার মান উন্নয়ন, সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন অবিলম্বে চালু, নোয়াখালী স্টেশন থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, নোয়াখালী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু, রেল কর্মচারীদের প্রচলিত ৫০ টাকা রেশন ভাতার পরিবর্তে বর্তমান বাজারমূল্য অনুযায়ী মানসম্মত রেশন প্রদান এবং রেলওয়ের আবাসিক বাসার অবৈধ দখলদার উচ্ছেদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন আধুনিকায়ন ও স্থান-আয়তনভিত্তিক বাসাভাড়া নির্ধারণ।
সভাপতির বক্তব্যে মো. মনিরুল ইসলাম মজুমদার রেল শ্রমিকদের ছয় দফা দাবি তুলে ধরে বলেন, এসব দাবি শ্রমিকদের ন্যায্য অধিকার ও যাত্রীসেবার মান উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। দাবিগুলো বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মাহফুজুল আলম, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুল হুদা,
শ্রমিকনেতা মোঃ ওমর ফারুক, মোঃ আসাদ উল্লাহ প্রমুখ।











