চট্টগ্রাম অঞ্চল

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  forkan info ১১ নভেম্বর ২০২৬ , ৬:০৭ পিএম

টিভি২৪ বাংলা : সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। মিছিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ। এ সময় সংগঠনের মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, “গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রলীগের বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবেও তারা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগকে কোনোভাবেই নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া যাবে না। কোনো ব্যক্তি বা সংগঠন যদি নিষিদ্ধ ছাত্রলীগের অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত শিক্ষাঙ্গন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার মোড় ও জামালখান অতিক্রম করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।