forkan info ১৩ নভেম্বর ২০২৬ , ৬:৩৪ পিএম
দেশে টানা ৪ দফায় কত কমল স্বর্ণের দাম
টিভি২৪ বাংলা : দেশের বাজারে স্বর্ণের দাম কমছেই। এক দিনের ব্যবধানে আবারও প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে এক সপ্তাহে চার দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। বৃহস্পতিবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। এরপর ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর চার দফায় দাম কমানো হয়। সব মিলিয়ে ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।










