Uncategorized

প্রবাসী কার্ডের নামে প্রতারণা, অর্থ লেনদেন না করার আহ্বান মন্ত্রণালয়ের

  forkan info ১৩ নভেম্বর ২০২৬ , ৬:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের পরিকল্পিত ‘প্রবাসী কার্ড’ এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। এমনকি এ কার্ডের জন্য আবেদন গ্রহণও শুরু হয়নি। এরই মধ্যে কার্ড দেওয়ার নামে দেশে-বিদেশে অসাধু ব্যক্তি ও দালাল চক্রের প্রতারণার বিষয়ে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কার্ডটি চালুর প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে মিথ্যা তথ্য প্রচার করছে। বিশেষ করে পেনশন সুবিধা এবং দ্রুত কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ অবস্থায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দেওয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কেউ প্রতারণার শিকার হলে অথবা এ ধরনের প্রতারণার তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রয়োজনে তথ্য ও অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উপসচিব মো. জসীম উদ্দিনের মোবাইল নম্বর ০১৭১২-৮৭০৯৬৮ এবং ইমেইল dsservice\@probashi.gov.bd। এছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের মোবাইল নম্বর ০১৩৩১-১১৬৬০০ এবং ইমেইল aps2minister\@probashi.gov.bd।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি প্রতারণা প্রতিরোধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।