টিভি 24 বাংলা ঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবারের তালিকায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেনও। নারী অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ তালিকায় স্থান পেয়েছেন।
তবে ২০২৬ সালের সংস্করণে শীর্ষ ৫০-এর মধ্যে ৫০তম স্থানে থাকা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ২০২৭ সালের তালিকায় নেই।
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে কেবল শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে র্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে র্যাঙ্কিং ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়।
এবার বাংলাদেশের তিনজনই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।


















