নিউজ ডেস্ক : সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে হবে।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথভাবে নেওয়া হয়নি। ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী। তাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, বিপুল জনসংখ্যার বাংলাদেশকে সুস্থ-সবল দেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের অবদানের প্রশংসা করেন তিনি।
তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, দেশের নিজস্ব সমস্যা নিয়ে গবেষণা এবং সেগুলোর সমাধান ও প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে।
তিনি জানান, সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয় রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।


















