অনলাইন ডেস্ক : ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন।
ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে এবং বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলে আশা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১৪ শ মানুষ নিহত হন।
পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন, যা সরকার প্রত্যাখ্যান করেছে।
রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’


















