নিউজ ডেস্ক : দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোনার মূল দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীদের মুনাফা ধাপে ধাপে বাদ দেওয়া হবে। এরই অংশ হিসেবে শনিবার (২২ নভেম্বর) প্রথম দফায় ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে সোনার দাম।
বাজুসের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৮ জন সদস্য অংশ নেন। তবে সিদ্ধান্তটি নিয়ে কয়েকজন ব্যবসায়ী আপত্তি জানিয়েছেন।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি পুরোনো অলংকার বদল বা বিক্রির ক্ষেত্রে গ্রাহকেরা আগের তুলনায় ৩ শতাংশ বেশি অর্থ পাবেন। তবে নতুন অলংকার কেনার সময় সোনার দামের বাইরে আলাদাভাবে মজুরি দিতে হবে।
বাজুসের সভাপতি এনামুল হক খান জানান, ভারতের তুলনায় বাংলাদেশে সোনার দাম ভরিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি—এমন ধারণার কারণে অনেক ক্রেতা বিদেশ থেকে অলংকার কিনছেন। এতে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ প্রবণতা কমাতেই সোনার দামের সঙ্গে মজুরি ও মুনাফা যুক্ত না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এ উদ্যোগের মাধ্যমে নতুন করে দুই লাখ কারিগরের কর্মসংস্থান হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
প্রায় দুই দশক আগে বাংলাদেশে সোনার দামের সঙ্গে অলংকার তৈরির মজুরি ও মুনাফা যুক্ত থাকত না। তখন ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে মজুরি নেওয়া হতো। পরবর্তী সময়ে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সোনার দামের সঙ্গে মজুরি ও মুনাফা যুক্ত করার নিয়ম চালু হয়। পরে এর সঙ্গে ভ্যাটও যুক্ত করা হয়।
বাজুসের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্প্রতি সোনার উচ্চমূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতিষ্ঠান সমিতির নির্ধারিত দামের চেয়ে ভরিতে ৫ থেকে ১০ হাজার টাকা কমে সোনা বিক্রি করছে বলেও অভিযোগ উঠেছে। এ ছাড়া সোনার বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকি চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এসব পরিস্থিতিও নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বাজুসের সোনা ও রুপার দাম নির্ধারণ ও তদারকি-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, ভবিষ্যতে সোনার মূল দামের সঙ্গে অন্য কোনো খরচ যুক্ত রাখা হবে না। সে ক্ষেত্রে প্রতি গ্রামে প্রায় ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার টাকা মজুরি দিতে হতে পারে ক্রেতাদের।


















