নিউজ ডেস্ক : বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বয়সের ভারে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ ক্লান্ত হলেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো অমলিন। প্রতিবছর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—যে খেতাবেই ভূষিত হোন না কেন, স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব তাঁদের অনন্য করে তুলেছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষায়, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের সংবর্ধনার মাধ্যমে সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে সরকার।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁর কাছেও বিশেষভাবে আবেগের বিষয়। এ সময় তিনি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভূমিকার কথাও উল্লেখ করেন।
বক্তব্যে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। পরের বছর প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্পিকার ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ, সাত বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যসহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশ নেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















