টিভি২৪ বাংলা : গোপালগঞ্জ শহরে পুলিশ ও বিজিবির যৌথ টহলের সময় দেশি অস্ত্র হাতে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। টহল দলের গাড়িবহরের পেছনে মোটরসাইকেলেও অস্ত্র হাতে তাঁদের চলতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অন্তত ২০টি গাড়িতে যৌথ টহল শুরু করে পুলিশ ও বিজিবি। শুরু থেকেই টহল দলের পেছনে দেশি অস্ত্র নিয়ে মোটরসাইকেলে অবস্থান নেন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।
টহল দলটি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁদের কারও হাতে রামদা, হকিস্টিক ও কুড়াল দেখা যায়। কয়েকজন টহল গাড়ির পেছনেও ওঠেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে অস্ত্র উঁচিয়ে স্লোগান দেন। তবে পুলিশ ও বিজিবির সদস্যরা কোনো প্রতিক্রিয়া দেখাননি।
এদিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন মোড়ে দেশি অস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। পরিস্থিতির কারণে শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। অনেক বিদ্যালয়ে দুপুরের আগেই তালা ঝুলতে দেখা যায়।
শহরে প্রবেশের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এর মধ্যে বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জেলা ছাত্রদলের সদস্যসচিব শাওনের ভাই মো. সাজিদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর এলাকায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে মহেশপুর ইউনিয়নের জয়দেবপুর বাজারে সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্যার দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ছাড়া দুপুর সোয়া ১২টার দিকে গোপালগঞ্জ সদরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুপুরে মুকসুদপুর থানায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে জেলা প্রশাসক জি এম সরফরাজ ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।


















