টিভি২৪ বাংলা : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভায় তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন কমিশনার। এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।
এ সময় ‘পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়া নারী পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন সিএমপি কমিশনার।
এছাড়া পুলিশের দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব যথাযথভাবে পালন শেষে প্রি-রিটায়ারমেন্ট লিভ (পিআরএল)-এ গমনকারী এসআই (সশস্ত্র) মো. নুরুজ্জামানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান তিনি।
কল্যাণ সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















