নিউজ ডেস্ক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।


















