টিভি২৪ বাংলা : গত দুই সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ড. মুহাম্মদ ইউনূসের সাবেক প্রেসসচিব শফিকুল আলম। এসব ঘটনায় সুশীল সমাজের নীরবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘আওয়ামীপনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। শফিকুল আলম বলেন, নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা হলেও সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিবৃতি দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিভাজন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য প্রয়োজন।
বক্তব্যে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতার প্রসঙ্গ তুলে বিচারহীনতার সমালোচনা করেন তিনি। তার দাবি, অতীতের অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতির কারণেই দেশে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ নিয়ে আলোচনারও সমালোচনা করেন শফিকুল আলম। তিনি অভিযোগ করেন, খুন, গুম ও দমন-পীড়নের বিচার পাশ কাটিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এ ছাড়া কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিক জুলাই গণঅভ্যুত্থান এবং ছাত্রনেতাদের হেয় করছেন বলে অভিযোগ করেন তিনি। প্রতিদিন হত্যার হুমকি পাওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, জুলাইয়ের গণজাগরণের পর বাংলাদেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে ১০০ বছর ধরে অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে।


















