টিভি২৪ বাংলা ঃ শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকালে ই-মেইলের মাধ্যমে স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে জানিয়েছেন। পদত্যাগপত্রটি স্পিকারের কার্যালয় গ্রহণ করেছে। বিষয়টি আজকের অধিবেশনে সংসদকে অবহিত করবেন স্পিকার।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। সে সময় তিনি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ওসমান ফারুক।

















