নিউজ ডেস্ক : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও দলটি কোনো কার্যক্রম চালাতে পারছে না।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সহিংস আন্দোলনের মাধ্যমে দলটি রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জুলাইকে অস্বীকার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। জনগণ দলটিকে বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় অনলাইন সংবাদমাধ্যম খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। এ সময় অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল চালু না করা, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের বিষয়ে প্রজ্ঞাপন জারি, শুধু অনলাইন সংবাদমাধ্যমের নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করাসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়।


















