গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে চলা এ কর্মসূচিতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীরা সদর উপজেলার ঘোষেরচর এলাকায় জড়ো হন। পরে পৃথক কয়েকটি মিছিল শহরে প্রবেশ করে পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়। এরপর তাঁরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়টি খুলে উল্লাস করেন।
মিছিল চলাকালে সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। পরে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এপিসির গায়েও লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়।
এদিকে কর্মসূচির কারণে প্রায় তিন ঘণ্টা গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকলেও তাদের উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি। এ বিষয়ে পুলিশ সুপারসহ জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো বক্তব্য দেননি।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ কয়েকটি দোকান ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।


















