টিভি২৪ বাংলা : ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সতর্ক অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল বাড়ানোর পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবিলায় মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের মিত্র দলগুলো।
সংসদের চতুর্থ অধিবেশন শেষে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের সভায় তিনি নেতাকর্মীদের রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
এদিকে, নাশকতার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। একই কর্মসূচিতে মাঠে নামছে দলটির মিত্র জোটগুলোও। আজ রোববার ১২ দলীয় জোট এবং আগামীকাল সোমবার জাতীয়তাবাদী সমমনা জোট কর্মসূচি পালন করবে।
অন্যদিকে, নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করে নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কয়েকটি ঝুঁকিপূর্ণ জেলা ও শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

















