নিউজ ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা ও সংঘর্ষ চলছিল।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মাদারীপুরের কালকিনিতেও বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালকিনির মাছবাজার গোলচত্বর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালান।
তাদের আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।

















