চট্টগ্রাম অঞ্চল

দুনিয়া ও দ্বীনের জ্ঞান শিক্ষার্থীদের করে তোলে সৎকর্মশীল – অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

  TV24@bangla ২ আগস্ট ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা : চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “শুধু দুনিয়ার জ্ঞান নয়, বরং দ্বীনের জ্ঞান অর্জনের আগ্রহ একজন শিক্ষার্থীকে সৎকর্মশীল ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলে। এমন মানুষই জাতির জন্য আশীর্বাদস্বরূপ।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির এমনই দেশপ্রেমিক, নীতিবান ও আদর্শ মানুষ তৈরি করছে। যারা শিবিরের আদর্শকে ধারণ করে চলে, তাদের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারা নৈতিকতায় দৃঢ়, সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত থাকে।”

২ আগস্ট সকাল ১০টায় রাউজানের পাঁচখাইন দরগাহ ডা. মো. মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাস করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের স্থানীয় শাখার দায়িত্বশীল নুরুল আফসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসির উদ্দিন জাহাঙ্গীর, প্রকৌশলী মোবারকসহ আরও অনেকে। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সফলতা অর্জনের জন্য শুধু পড়ালেখা নয়, চরিত্র গঠনের ওপরও জোর দিতে হবে। ইসলামি মূল্যবোধই শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য তাদের প্রতি দোয়া ও শুভকামনা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের আদর্শবান ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকার প্রশংসা করেন।

এই আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে দ্বীন ও দুনিয়ার সমন্বিত জ্ঞান অর্জনের অনুপ্রেরণা জোগাবে বলেও মত প্রকাশ করেন বক্তারা।