টিভি২৪ বাংলা : গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের উদ্যোগে সরকারের চলমান তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে সেমিনার পরিচালনা করেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন, অতিরিক্ত মহাপরিচালক ( চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (DGME) এবং ডা. মো. জাহাঙ্গীর আলম, ন্যাশনাল প্রফেশনাল অফিসার (ম্যালেরিয়া ও আর্বোভাইরাল ডিজিজেস), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কান্ট্রি অফিস, বাংলাদেশ। উক্ত সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে ডেঙ্গুর সংক্রমণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ সরকারি দপ্তরসমূহে পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনার বিষয়েও আলোচনা করা হয়।
বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ কর্মস্থল ও আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। উক্ত সেমিনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মন্ত্রণালয়ে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

















