টিভি২৪ বাংলা : জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
টকশোতে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা জাতীয় সংলাপ হতে পারে না। তাঁর দাবি, দেশের ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক। শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও ২৫ শতাংশ মানুষ দলটির সমর্থক ছিলেন বলে জরিপের তথ্য উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগকে আলোচনায় আনার ক্ষেত্রে দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দলটিকে আলোচনার টেবিলে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতীতে কী করেছে, সে বিষয়ে তারা লজ্জিত বা অনুতপ্ত কি না, তা জানতে চাওয়ার কথাও বলেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানা বলেন, আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই। তাঁর বিশ্বাস, জানুয়ারির মধ্যে রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছু পরিষ্কার হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগের প্রসঙ্গ টেনে রুমিন বলেন, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের অভাব দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।


















