চট্টগ্রামের হালিশহর থানা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। চুরির প্রায় চার ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে নগরীর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে পিকআপ ভ্যানটি চুরি হয়। টহল শেষে গাড়িটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান হালিশহর থানার তিন পুলিশ সদস্য। ফিরে এসে তারা গাড়িটি আর পাননি।
পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে পিকআপ ভ্যানটি চালিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর অভিযান চালিয়ে কর্ণফুলী থানা এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ।


















