রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি।
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন তিনি। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে গেলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের জানালা-দরজার ক্ষতি হয়।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণ করে।
















